
তিন বছর আগে অন্টারিও কটেজ কান্ট্রিতে দুই নারীকে যৌন হয়রানির অভিযোগে কাউন্সিলর মাইকেল থম্পসন নির্দোষ প্রমাণিত হয়েছেন। অন্টারিও কোর্ট জাস্টিস ফিলপ ব্রিজেট মঙ্গলবার অন্টারিওর মিডল্যান্ডে আদালত কক্ষে দীর্ঘ প্রতিক্ষীত সিদ্ধান্ত দেন। তিনি বলেন, তাকে দোষী প্রমাণ করার মতো পর্যাপ্ত তথ্য-প্রমাণ হাজির করতে ব্যর্থ হয়েছেন ক্রাউন অ্যাটর্নিরা।
স্কারবোরো সেন্টারের প্রতিনিধি থম্পসনের বিরুদ্ধে ২০২২ সালে দুই কাউন্ট যৌন হয়রানির অভিযোগ আনা হয়। মাস্কোকা কটেজে সপ্তাহান্ত কাটানোর পর দুই নারী তার বিরুদ্ধে যৌন হয়রানির এই অভিযোগ আনেন। কিন্তু ৬৫ বছর বয়সী থম্পসন শুরু থেকেই নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন। সেই সঙ্গে শুনানিতে তার বিরুদ্ধে আনা বেশ কিছু অভিযোগ অস্বীকার করেন।
সর্বশেষ শুনানিতে থম্পসনের আইনজীবী লিওরা শেমেশ তিনজন ক্রাউন স্বাক্ষীর বিরুদ্ধেই বিশ^াসযোগ্যতার ঘাটতির অভিযোগ আনেন। তিনি দাবি করেন, তারা একটি জালিয়াতিপূর্ণ গল্প ফেঁদেছেন এবং তার মক্কেলের সম্মানহানীর চেষ্টা করছেন। পুরো বিষয়টি ডাইনি শিকার ছাড়া আর কিছুই নয়।
স্বাক্ষী ওই তিন নারী ২০২২ সালে কটেজের অতিথি ছিলেন। নাম প্রকাশে নিষেধাজ্ঞা থাকার কারণে তাদের পরিচয় প্রকাশ করা হলো না।
তাদের মধ্যে দুইজন নারী ছিলেন এই মামলার বাদি। একজন নারীর অভিযোগ, থম্পসন তার স্তন ও পশ্চাৎদেশ স্পর্শ করেন। সানস্ক্রিন দেওয়ার সময় ঘটনাটি ঘটে। আরেকজন নারী আদালতে বলেন, থম্পসন তাকে ওরাল সেক্সে বাধ্য করেন। উভয় অভিযোগই থম্পসন অস্বীকার করেন। তিনি বলেন, তিনি কেবলমাত্র একজন অভিযোগকারীকে সানস্ক্রিন লাগিয়ে দেন। তাও অভিযোগকারী বলার পর। তবে অনুপযুক্ত স্পর্শের অভিযোগ তিনি অস্বীকার করেন।
থম্পসন বলেন, আরেকজন নারীর সঙ্গে সম্মতির ভিত্তিতেই যৌনকাজ করেছেন। ওই নারী তাকে জাগিয়ে তোলেন এবং ওরাল সেক্স করেন।

