
গ্রিন পার্টির একটি অংশ যখন এলিজাবেথ মের বিরুদ্ধে ব্যাপক প্রচারণা চালাচ্ছে সে সময় গ্রিন পার্টির নেতা হিসেবে থেকে যাওয়ার প্রচারণা চালাচ্ছেন তিনি নিজে। দলটি এখন নেতৃত্ব পর্যালোচনার সামনে রয়েছে, নির্বাচনের সাত মাসের মধ্যে যা করা বাধ্যতামূলক।
এলিজাবেথ মে আগেই এই ইঙ্গিত দিয়েছেন যে, পরবর্তী নির্বাচনে তিনি দলকে নেতৃত্ব দেবেন না। তবে আপাতত নেতা হিসেবে থেকে যাওয়ার জন্য গ্রিন সদস্যদের প্রতি তাকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন তিনি।
সদস্যদের উদ্দেশে লেখা এক চিঠিতে তিনি বলেছেন, নতুন নেতা নির্বাচিত হওয়ার পর তিনি সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করলেও এই মুহূর্তে তাকে ছাড়া বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং খরচ বেড়ে যাবে।
এদিকে গ্রিন পার্টির ৪০ জনের বেশি সদস্য সহকর্মী গ্রিনদের কাছে লেখা এক খোলা চিঠিতে মেকে অপসারণের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন, সময় এখন নতুন কণ্ঠস্বরের এবং নতুন আইডিয়ার। মেকে নেতৃত্বে থেকে যাওয়ার সুযোগ দিলে তা বিভ্রান্তি তৈরি করবে। কারণ, এরই মধ্যে তিনি তার পদত্যাগের আগ্রহ প্রকাশ করেছেন।

