
গত ১৪ আগস্ট টরন্টোর বাংলা পাড়ায় নারীর প্রতি সহিংসতা, সাইবার বুলিং ও টিজিং এর বিরুদ্ধে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আবৃত্তি শিল্পী মেরী রাশেদিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সবিতা সোমানি, ফারজানা চৌধুরী বিন্দু, রওশান জাহান ঊর্মি, সৃজনী রহমান, আশেকীন ফারাহ, শহীদ খন্দকার টুকু, আজফর সৈয়দ ফেরদৌস, মিনারা বেগম, রিনা সেনগুপ্ত, সৈকত রুশদী, ফ্লোরা শুচি, মার্জিয়া মৌ, সাইদা বারি, হাসিনা বানু, কামরুন্নাহার হীরা, তোফা ইসলাম, নাফিজ ইমতিয়াজ এবং মনির জামান রাজু।
সমাবেশে বিপুলসংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, গত জুলাই মাসের অভ্যুত্থানের পর থেকে কমিউনিটিতে সাইবার বুলিং আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। বিশেষ করে একশ্রেণির মানুষ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের লক্ষ্য করে সামাজিক মাধ্যমে অশালীন ভাষায় আক্রমণ চালাচ্ছে এবং মেয়েদের নামে নানারকম কার্টুন তৈরি করে প্রচার করছে।
বক্তারা আরও উল্লেখ করেন, রাজনৈতিক ভিন্নমত সমাজে থাকতেই পারে, মতবিনিময় ও যুক্তি দিয়ে বিতর্কও চলতে পারে, কিন্তু কোনোভাবেই নারীর প্রতি বুলিং ও হয়রানি বরদাস্ত করা যাবে না। তারা এই প্রবণতার তীব্র নিন্দা জানান এবং সাইবার বুলিংয়ে জড়িতদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

