
নতুন সদস্য নিয়োগ ও তাদের ধরে রাখতে সৈন্যদের বেতন বাড়াচ্ছে কানাডা। পাশাপাশি যেসব সৈনিক প্রাকৃতিক বিপর্যয়ের বিরুদ্ধে লড়াইয়ে নিযুক্ত হবেন তাদের জন্য বোনাসের ব্যবস্থাও করা হচ্ছে। আর্কটিক মিশনে মোতায়েনকৃত সৈন্যরাও এই বোনাস প্রাপ্য হবেন।
ফেডারেল সরকার বলছে, বর্তমানে বৈশ্বিক যে পরিবর্তন তার সঙ্গে খাপ খাওয়ানোর জন্য এই পরিবর্তন দরকার।
অন্টারিওর ট্রেন্টনে দেশের সর্ববৃহৎ বিমান ঘাঁটি পরিদর্শনে গিয়ে বেতন বৃদ্ধির এই ঘোষণা দেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। প্রধানমন্ত্রী তার বক্তব্যে সিএফবি ট্রেন্টনের সৈনিকদের সম্প্রতি বিমান থেকে গাজায় ত্রাণ সহায়তা কার্যক্রমে অংশগ্রহণের প্রসঙ্গটি উল্লেখ করেন।
কয়েক ডজন সৈন্যের সামনে দাঁড়িয়ে কার্নি বলেন, বিশ্ব এখন আগের চেয়ে বেশি বিপজ্জনক জায়াগ হয়ে উঠেছে এবং কানাডা নাজুক অবস্থার মধ্যে রয়েছে। রাশিয়া সাহসী হয়েছে। চীন এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। ভৌগলিক অবস্থানই আমাদের সুরক্ষা দেবেনÑদীর্ঘদিনের এই মত এখন অচল। আমাদের আর্কটিক অঞ্চল ক্রমাগত উন্মুক্ত হয়ে পড়ছে এবং সেখানে দ্রুত গতিতে সাইবার, কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম ও আধুনিক মিসাইল সক্ষমতার প্রবেশ ঘটছে।
২০ জুন পর্যন্ত কানাডিয়ান সশস্ত্র বাহিনীতে (সিএএফ) নিয়মিত সৈন্যের ঘাটতি ছিল ৬ হাজার ৫৩৪ জন। সেই সঙ্গে ১২ হাজার ৭২২ জনের যে মোট ঘাটতি তা পূরণের জন্য সংরক্ষিত হিসেবে আরও ৬ হাজার ১৮৮ জনকে নিয়োগ দিতে হবে।
ঘোষণা অনুযায়ী, নাবিক, প্রাইভেট এবং এভিয়েটরদের বেতন বাড়বে ২০ শতাংশ। অর্থাৎ, প্রাইভেটরা প্রতি মাসে বেতন তুলতে পারবেন অতিরিক্ত ৭২৩ ডলার, বছরে যার পরিমাণ ৫২ হাজার ৪৪ ডলার। রিজার্ভিস্টদের বেতন বাড়বে কম, ১৩ শতাংশ। লেফটেনেন্ট কর্নেল এবং কমান্ডারদের বেতনও ১৩ শতাংশ বাড়বে। তবে কর্নেল, নেভি ক্যাপেটন এবং তার উপরের পদের কর্মকর্তাদের বেতন বাড়বে ৮ শতাংশ। চলতি বছরের ১ এপ্রিল থেকে ভুতাপেক্ষ বর্ধিত এই বেতন পাবেন তারা।

